২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আযম খানের চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি

তাদের দাবি, আহমেদ আযম খানের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ওই শিল্পপতি এসব অভিযোগ এনেছেন।

বিএনপি নেতা আযম খানের চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 11:22 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে টাঙ্গাইলে এক শিল্পপতি থানায় অভিযোগ দিয়েছেন।

ওই ব্যবসায়ী এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। পরে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আযম খানের অনুসারীরা। তারা ওই শিল্পপতি মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন।

এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মনির আহমেদ মনা টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। ঢাকা, গাজীপুর ও টংগীতে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

মনির আহমেদ মঙ্গলবার রাতে আযম খানের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন। এতে তিনি বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনেন।

এতে আযম খান, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইজাজুল হক ওরফে সবুজসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, “অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

পরে বুধবার সন্ধ্যায় বাসভবনে এক সংবাদ সম্মেলনে শিল্পপতি মনির আহমেদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার তিনি তার বাসভবনে কয়েকজন স্বজনকে দুপুরের খাবারের আমন্ত্রণ করেছিলেন। তাদের মধ্যে তার আত্মীয় সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন ছিলেন।

“দুপুর আড়াইটার দিকে আহমেদ আযম খানের অনুসারী ২০-২৫ জন নেতাকর্মী বাসায় প্রবেশ করে। তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় গালাগালি ও ভাঙচুর করে। তার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিতে আসা ব্যক্তিদের কিল ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত করে।”

মনির আহমেদ বলেন, “এই ঘটনার তিন-চার দিন আগে এক লোক তার কাছে এসে আহমেদ আযমকে ফোনে ধরিয়ে দেন। তখন আহমেদ আযম তাকে জানান, আগামীতে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে তিনি (আযম) জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তাই ৫০ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। টাকা দিতে অস্বীকার করলে সেদিন দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন আহমেদ আযম খান।”

তবে মনির আহমেদের এ ধরনের অভিযোগ অস্বীকার করে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন টাঙ্গাইল জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির নেতারা।

তাদের দাবি, আহমেদ আযম খানের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ওই শিল্পপতি এসব অভিযোগ এনেছেন। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইজাজুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ ও সাদেকুল আলম খোকা, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলেন নেতারা বলেন, শিল্পপতি মনির আহমেদ একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দোসর। তিনি নিজেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নিয়ে তার বাসায় সভা করছিলেন। তার বাসায় গিয়ে কোনো খারাপ আচরণ করা হয়নি বা ভাঙচুর করা হয়নি। চাঁদাদাবির তো প্রশ্নই আসে না।

তারা জানান, আহমেদ আযম খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই ষড়যন্ত্রের সঙ্গে কিছু দলীয় নেতাকর্মী ও বহিষ্কৃত নেতাকর্মী জড়িত।

এ ব্যাপারে জানতে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে রাতে তার মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।