হাম: ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে ১১ মাসের শিশুর মৃত্যু
“যেসব আক্রান্ত শিশুকে দেরিতে হাসপাতালে আনা হচ্ছে, মূলত তাদের শারীরিক অবস্থাই গুরুতর হচ্ছে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ১১ মাস বয়সী শিশুটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
এছাড়া গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এবং ১৫ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩৮ শিশু।
ডা. মাঈনউদ্দিন বলেন, “যেসব আক্রান্ত শিশুকে দেরিতে হাসপাতালে আনা হচ্ছে, মূলত তাদের শারীরিক অবস্থাই গুরুতর হচ্ছে।
“রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুরাই বেশি ঝুঁকিতে রয়েছে।”
তিনি বলেন, “হাসপাতালে আইসিইউ সুবিধা থাকলে মৃত্যুর হার কমানো সম্ভব হতো। একটি নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে সেখানে পাঁচ শয্যার আইসিইউ চালু করা হবে।”
