চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ৭ জন
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুরের তিন উপজেলায় পৃথক যৌথ অভিযানে ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে। তারা সবাই মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর।
বুধবার রাতে জেলার সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় এসব অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তর করা হয় পলি বেগমকে (২৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০টি ইয়াবা।
পরে রাত সোয়া ১২টার দিকে একই উপজেলার টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উপজেলা ২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় শামীম হোসেনকে (২২)।
এছাড়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় অভিযানে গ্রেপ্তার হয় মো. মানিককে (৩০)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০টি ইয়বা।
এছাড়াও একই রাতে সদর উপজেলার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুজনকে (৩১) । তার কাছ থেকে উদ্ধার হয় ৬০টি ইয়াবা ।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
