অপারেশন ডেভিল হান্ট: রাজশাহীতে আরও ৮ জন গ্রেপ্তার
গ্রেপ্তারদের মধ্যে সাতজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর একজন যুবমৈত্রীর নেতা।
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
এর মধ্যে রাজশাহী মহানগরীতে ৩ জন ও জেলার ৫ জন রয়েছে।
সোমবার রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে সাতজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর একজন যুবমৈত্রীর নেতা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার সাবিনা ইয়াসমিন বলেন, ডেভিল হান্ট অভিযানে বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহ্বায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।
তাদের মধ্যে সুমনের বাড়ি নগরীর কাদিরগঞ্জ, সাগরের বাড়ি হড়গ্রাম বাজার ও আতিকুর রহমানের বাড়ি বাগমারা উপজেলার ভাতঘরপাড়া গ্রামে। আতিকুরকে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রবাস থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জ আমবাগান এলাকার রুমানা ইসলাম আঁখি নামের এক আওয়ামী লীগ নেত্রীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গভীর রাতে এলাকাবাসী তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায় বলে অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার সাবিনা ইয়াসমিন জানান।
অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ অগাস্ট তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তারা আসামি ছিলেন।”
এর আগের দিন রাজশাহীতে অপারশেন ডেভিল হান্টসহ নিয়মিত অভযিানে রাজশাহীতে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নগরীর তিনটি থানায় চারজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। আর বাকি ৪৮ জনের মধ্যে জেলায় ৩৪ জন ও মহানগরীতে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
