২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান প্রবাসী এক পরিবার ডাকাত দলের হামলার শিকার হয়েছে।

জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 07:37 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাপান প্রবাসী এক পরিবারের কাছ থেকে লুট হওয়া মালামালের মধ্যে সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর। এ ছাড়া বন্দরের বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির সময় আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া দুটি শটগানের মধ্যে একটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ইসলামপুরের আব্দুস সামাদের ছেলে কবির হোসেন (৪০), একই এলাকার তাইজুল ইসলামের ছেলে সজীব (২৯), নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মতিনের ছেলে জুয়েল (২৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ছোট রায়পাড়ার সৈকত আলীর ছেলে শাকিল (২৬)।

শটগানসহ গ্রেপ্তার ফারুক হোসেন ওরফে আইস ফারুক (৪০) রূপগঞ্জ উপজেলার চনপাড়ার প্রয়াত হারুনুর রশীদের ছেলে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বুধবার উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক পরিবার সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হন। 

“ডাকাতরা অস্ত্রের মুখে তাদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে ছিল ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ অন্যান্য সামগ্রী।”

এ ঘটনার তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। তাদের মধ্যে কবির হোসেন এ চক্রের প্রধান বলে জানান পুলিশ সুপার। 

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের পর তাদের তথ্য অনুযায়ী সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপের মধ্য থেকে লুট হওয়া প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন ব্যাগ উদ্ধার করা হয়।

এ মামলার আরেকজন আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এর আগে ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির সময় আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের প্রধান ফারুক হোসেনকে গ্রেপ্তার করে; তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগানটি উদ্ধার করা হয় বলেও জানান মিজানুর রহমান।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।