Published : 18 Jul 2026, 09:55 PM
ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, বিএনপি সরকারকে সেই পথেই হাঁটতে দেখছেন সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেছেন, “২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে। মানুষ সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, এমনকি স্ত্রী হারিয়েছেন। তবু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। এই ফ্যাসিবাদকে মানুষ বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে।”
বিএনপি সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির বলেন, “আপনারা হাজার চেষ্টা করেও ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকেই মানুষ পাত্তা দেয়নি, ডামি ফ্যাসিবাদ কিসের!

“‘ফ্যাসিবাদ’ যে পথে হেঁটেছে, আপনারাও সেই পথে হাঁটছেন। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা বুঝতে পারছি, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরও একটা অপকৌশলের আশ্রয় নিতে পারেন। গণভোট মানা না হলে এই সরকারকেও মানা হবে না।”
শনিবার বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “দেশের ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জানিয়েছেন, তারা অতীতের পচা রাজনীতি আর চায় না। পরিবর্তন চায়, নতুন শাসন ব্যবস্থা চায়।
“গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলেছিলেন, আমরাও বলেছি। গণভোটের ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়েছেন। আমরাও চেয়েছি। যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন ‘হ্যাঁ’ ভুলে গেলেন।”

বিএনপিকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, “বন্ধুরা আপনারা সত্য বলছেন না। আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফার প্রথম দাবি হচ্ছে সংস্কার। এখন যদি বলেন সংস্কার বোঝেন না। তাহলে আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করি।”
তিনি বলেন, “সরকারি দলের নেতারা পদে পদে মিথ্যা কথা বলবেন, ধোঁকা দেবেন; তাহলে তাদেরকে এর ‘পরিণতির’ জন্য প্রস্তুত থাকতে হবে।”
শফিকুর রহমান সমাবেশে ঢাকা-বরিশাল ছয় লেন করা এবং ভোলা সেতুর দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বরিশাল অঞ্চলে রেললাইনের দাবিও জানান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবার।
এতে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্লেল অলি আহম্মেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার রাশেদ প্রধান।