২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুকের শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুকের শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
রাজশাহী নিউ মার্কেট এলাকায় শপিং সেন্টার থিম ওমর প্লাজায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

রাজশাহী নগরের নিউ মার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুকের বহুতল শপিং সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুইজন অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ‘থিম ওমর প্লাজা’র সপ্তম তলা বিশিষ্ট ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মঞ্জিল হক বলেন, ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যান। এ সময় দুইজনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সপ্তম তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি। ভবনের উপরের তিনটি ফ্লোর আবাসিক। সেখানে প্রায় সব বাসায় পরিবার ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান মঞ্জিল হক।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ওমর ফারুক রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য মনোনীত হন। ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। 

রাজশাহীতে সাবেক এমপি ওমর ফারুকের শপিং সেন্টারে আগুন, কাজ করছে ১০টি ইউনিট