মাওলানা নোমানীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ভোলায় বিক্ষোভ
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা নোমানীকে শনিবার হত্যা করা হয়।
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
‘ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে সোমবার দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার ওসিকে অপসারণের দাবি জানান।
সমাবেশ থেকে ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে সমাবেশের ঘোষণা দেন বক্তারা।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মাওলানা আমিনুল হক নোমানীকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকার বাসায় হত্যা করা হয়। এ সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না।
মাওলানা নোমানী (৪৫) সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ছিলেন। মৃত মো. এনামুল হকের ছেলে নোমানী স্ত্রী ও তিন সন্তানকে রেখে গেছেন।
রোববার অজ্ঞাত আসামি করে নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল ভোলা সদর মডেল থানায় মামলা করেছেন।
