Published : 14 Jul 2026, 11:23 AM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া চার মাস বয়সি শিশু আয়ান সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা দিন ইসলামের ছেলে।
সাত মাস বয়সি নাফি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আখলাছুর রহমানের ছেলে; তার মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে।
হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।