২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বিলে ডুবে কিশোরের মৃত্যু

বন্ধু ইমন বলেন, “জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলতো।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বাসুলিয়ায় চাপড়া বিলে এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ জানান।

নিহত ১৭ বছর বয়সী জাহিদুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা সাত বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাটুরিয়া উপজেলা থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। 

গোসল শেষে সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলের সঙ্গে আসা বন্ধু ইমন বলেন, “জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলতো।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।