২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই কিশোরের মারামারিতে একজনের মৃত্যু

পানি নিতে গিয়ে আরেক কিশোরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সিলেট রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 11:35 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

সিলেট নগরে বোতলে পানি ভরার সময় দুই কিশোরের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অপর কিশোরকে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরের লালদিঘীর পাড়ায় হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক।

নিহত মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে।

ওসি জিয়াউল হক বলেন, জাহিদ হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিল। সন্ধ্যায় পানি আনতে গিয়ে ১৬ বছরের আরেক কিশোরের সঙ্গে তারা কথা কাটাকাটি থেকে মারামারি হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে জাহিদ মারা যায়।

খবর পেয়ে জাহিদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জিয়াউল হক।