নওগাঁয় মামলার নথি চুরি করে চাঁদা দাবি, কর্মচারীসহ গ্রেপ্তার ৪
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শনিবার তাদের মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন।
নওগাঁয় রায়ের জন্য অপেক্ষমাণ একটি মামলার গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের নথি চুরির বিষয়টি জানা যায়। শুক্রবার পুলিশ রাজশাহী, নওগাঁ ও বগুড়া থেকে চারজনকে গ্রেপ্তার করে। শনিবার তাদের মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), খয়রাবাদ গ্রামের করিম সরদারের ছেলে ও যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন পলাশ, পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন মোহাম্মদ আরিফ এবং নওগাঁ শহরের বকুলতলা এলাকার আমজাদের ছেলে ও আইনজীবী সহকারী সবুজ হোসেন (৪০)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর ৯০৪/২০২২ নম্বর মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওই মামলার নথি চুরি হয়ে যায়। সেই সঙ্গে চুরি হওয়া নথিটি ফেরত দেওয়ার বিনিময়ে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের এক কর্মচারীর কাছে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
“বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা ও দায়রা জজ আমাকে বিষয়টি অবগত করেন। সঙ্গে সঙ্গে পুলিশ এর তদন্ত শুরু করে। প্রথমে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করা হয়। পরে প্রথমে নওগাঁর গ্রামের বাড়ি থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় একটি খড়ের পালা থেকে নথিটা বের করে দেন।”
পুলিশ সুপার বলেন, পরবর্তীতে আকাশের দেওয়া তথ্যমতে, পলাশকে ও পলাশের ভাই আরিফ এবং সর্বশেষ সবুজকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আকাশ আদালতে জবানবন্দি দিয়েছেন।
