২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবেন সাংবাদিক জিসান

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশকে বাধা ও গাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবেন জুলাইযোদ্ধা ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। 

১৬ দিন ধরে কারাবন্দি জিসানের আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তিনবার জিসানের জামিন আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিবার আদালত জামিন নামঞ্জুর করেছে। সর্বশেষ শুনানিতে জিসানের পরীক্ষার বিষয় তুলে ধরে অংশগ্রহণের জন্য সাময়িক জামিন চাওয়া হয়েছিল। কিন্তু আদালত তা গ্রহণ না করে পরবর্তীতে শুনানির জন্য ৩ জুন দিন রেখেছেন।

“জামিন না পাওয়ায় শেষে বুধবার আদালতে আবেদনের পর নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের তত্ত্বাবধানে কারাগারের ভেতরে জিসানের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জান্নাতুল ফেরদৌস জিসান মাধ্যমিকে জিপিএ-৫ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৪২ পেয়েছেন। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ১২ মে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশকে বাধা ও গাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন। 

জিসানের মা আছমা বেগম বৃহস্পতিবার বলেন, “রাত পোহালে আমার ছেলের পরীক্ষা। কিন্তু গত ১৬ দিন ধরে সে জেলে। কোনো প্রস্তুতি নিতে পারে নাই। কেমনে পরীক্ষা দিব? আর কী পরীক্ষা দিব? ও যদি পাস না করে, ওর ভবিষ্যৎ শেষ হইয়া যাইবো। জিসান আমাদের একমাত্র ভরসা। ওর ভবিষ্যৎ নষ্ট হইলে আমাগো কী হইবে! কে দেখবো আমাগো!”

অশ্রুসিক্ত কণ্ঠে এই মা বলেন, “রমজান মাসে ভর্তি পরীক্ষার জন্য অনেকগুলা বই নিয়া আসে। ওই থেকে আমার ছেলে বাসায় দিন-রাত পড়াশোনা করতাসে। সবাই পুলিশরে অনুরোধ করসে, জিসানরে নিয়েন না, ওর পরীক্ষা। কিন্তু কারো কোনো কথা শুনলো না। টানতে টানতে নিয়া গেল ছেলেটারে। আন্দোলনে গিয়া কোমড়ে-পায়ে ব্যথা পাইসে। প্রতিদিন ব্যথার ওষুধ খায়। ওরে আমি বিছানায় তুলে দেই আবার নামাই। ও কেমনে গেলো হামলা করতে? জানি না আমার ছেলেটা কেমনে আছে।”

জিসানের আইনজীবী আওলাদ হোসেন বলেন, “সাবেক মেয়রকে গ্রেপ্তারের সময় জিসান পুলিশকে বাধা দিয়েছে বা গাড়িতে হামলা করেছে, পুলিশ এমন কোনো তথ্য-প্রমাণ আদালতে এখনো উপস্থাপন করতে পারেনি। জিসানের জুলাই আন্দোলনে ভূমিকা, সাংবাদিকতা ও পরীক্ষা বিষয়টি বারবার তুলে ধরার পরও আদালত বিষয়টি আমলে নেয়নি এবং তার জামিন মঞ্জুর করেনি।”

ন্যায়বিচার পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, “একজন মেধাবী তরুণ যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মেডিকেল সার্টিফিকেট নাই, কোনো রাজনৈতিক দলের কর্মী না। তাকে আটক করা হয়েছে। আমরা সমস্ত তথ্য- প্রমাণ দিয়ে ন্যায়বিচার প্রার্থনা করেছিলাম কিন্তু আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।”

জান্নাতুল ফেরদৌস জিসান একাধারে একজন মেধাবী শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও সংগঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও ছিলেন সক্রিয় এক কর্মী।

জিসান নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করতেন।

আরও পড়ুন:

তৃতীয়বারের মত নারায়ণগঞ্জের সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর