১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

“বাবা ভোট দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয়েছে বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন।

মৃত ৬৫ বছর বয়সী বাবু মিয়া মহাদেবপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর গ্রামের বাসিন্দা; তার বাবার নাম হামেদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাবু মিয়া কেন্দ্রের সামনে থেকে ভোটার স্লিপ (টোকেন) নিয়ে ভেতরে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর গ্রামের আব্দুর রহমান বলেন, “বেদনাদায়ক ঘটনা ঘটলো চোখের সামনেই। ভ্যান চালক বাবু মিয়া ভোটার স্লিপ নেওয়ার পর মাথা ঘুরে পরে যান।”

বাবু মিয়ার ছেলে রাজু মিয়া বলেন, “বাবা ভোট দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান।”

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, “আমার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাবু মিয়া ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে স্লিপ নেওয়ার পর স্ট্রোক করে মারা যান।”