নরসিংদীতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
ভেলানগর জেলখানা মোড়ের মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নরসিংদীতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। তাকে আটক করা হয়েছে।
নরসিংদী পৌর শহরের ভেলানগর জেলখানা মোড়ের মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এম আর আল-মামুন জানান।
আটক শিক্ষকের নাম নাজমুল ইসলাম। তার বিরুদ্ধে নূরানী বিভাগের সাত বছরের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আনা হয়েছে। শিশুটি ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি।
আটক শিক্ষকের নাম নাজমুল ইসলাম। তার বিরুদ্ধে নূরানী বিভাগের সাত বছরের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আনা হয়েছে। শিশুটি ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থী বলে, গোসল করতে অনীহা প্রকাশ করায় শিক্ষক নাজমুল তাকে বেত দিয়ে মারধর করেন। এতে বিভিন্ন জায়গায় রক্ত বের হয়। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়।
শিশুটির ফুপু বলেন, “এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের নির্যাতনের খবর দেখেছি। এবার আমাদের নিজের পরিবারের শিশুই এমন ঘটনার শিকার হল। সামান্য কারণে একটি শিশুকে এভাবে প্রহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে।
এ বিষয়ে জানতে মাদ্রাসা কর্তৃপক্ষের মোবাইল নম্বরে ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ওসি আল-মামুন বলেন, পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষককে আটক করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।
