শিক্ষাসফরে গিয়ে চলনবিলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নৌকাটি নদীতীরে রেখে স্থানীয়দের সহায়তায় রাতভর খোঁজাখুজি করেও মুহিমের খোঁজ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের তাড়াশে নৌকা থেকে চলনবিলের আত্রাই নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ১২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
রোববার সকালে কাছিকাটা এলাকায় জেলেদের জালে তার মরদেহ আটকা পড়লে স্থানীয়রা উদ্ধার করেন বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান।
নিহত মুহিম হোসেন (১৪) পাবনার চাটমোহর উপজেলার গুরনগর গ্রামের মহরম আলীর ছেলে ও স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার বাৎসরিক শিক্ষাসফরে চলনবিলে নৌকা ভ্রমণে আসে পাবনার চাটমোহরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদিন নৌকায় চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীরা।
সন্ধ্যায় ফেরার পথে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকায় নৌকা থেকে চলনবিলের পানিতে পড়ে যায় মুহিম।
ওসি আরও জানান, নৌকাটি নদীতীরে রেখে স্থানীয়দের সহায়তায় রাতভর খোঁজাখুজি করেও মুহিমের খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জেলেদের জালে আটকা পড়ে শিশুটির মরদেহ।
উদ্ধারের পর নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন বলেও জানান ওসি।
