১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ইউপি সদস্যসহ ৩ ভাইকে কুপিয়ে জখম

পুলিশ জানিয়েছে, আহত তিনজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে; একজনের অবস্থা আশঙ্কাজনক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 01:13 AM

Updated : 21 Jun 2023, 01:13 AM

গোপালগঞ্জে এক ইউপি সদস্যসহ তিন সহোদরকে কুপিয়ে জখম করেছে একদল অস্ত্রধারী। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামের প্রয়াত লাল মিয়া শেখের তিন ছেলে কামাল শেখ (৫৫), ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জামাল শেখ (৪২) ও বালু ব্যবসায়ী রঞ্জু শেখ (৩৮)। 

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রঞ্জু শেখের অবস্থা আশঙ্কাজনক। তাদের তিনজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল অস্ত্রধারী অতর্কিতে তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

তাদেরকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। 

তবে কী কারণে এ হামলা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। 

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।