হামলা-লুটপাটে মামলা, গ্রেপ্তার না হওয়ায় শঙ্কায় সংবাদ সম্মেলনে গৃহবধূরা
মামলার পর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত নারীরা সংবাদ সম্মেলন করেন।
কিশোরগঞ্জে কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ফাঁকা ঘরে বসেই সংবাদ সম্মেলন করেছেন ওই পরিবারের নারীরা।
রোববার দুপুরে কটিয়াদী উপজেলার বণগ্রাম ইউনিয়নের খিলাকান্দি গ্রামে তারা সংবাদ সম্মেলন করেন।
পূর্ববিরোধের জের ধরে উপজেলার বণগ্রাম ইউনিয়নের খিলাকান্দি গ্রামে তিন ভাইয়ের বাড়িতে গত ২৩ ও ২৬ জুলাই এই লুটপাটের ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
একমাসেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ‘আতঙ্কে’ ওই পরিবারের নারীরা এই সংবাদ সম্মেলনে আসেন বলে তাদের দাবি।
এ সময় ওই বাড়ির মহিউদ্দিনের স্ত্রী জাহানারা, তার ভাই মনির উদ্দিনের স্ত্রী মোছা. রিক্তা, ভাই নজরুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার, তাদের বোন হানিফা আক্তারসহ কয়েকজন নারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে কিছুদিন আগে মহিউদ্দিনের ছেলে অপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিবেশী আজিজুর রহমান বাদল, রুবেল মিয়া, ওমর ফারুকরা। এ ঘটনায় অপুর চাচা মনির উদ্দিন বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করেন।
অভিযোগে আরও বলা হয়, অপুর ওপর হামলার ১৫ দিন পর তাদের আরেক ভাই আতাজুলকেও মারধর করে আহত করেন প্রতিপক্ষরা। বর্তমানে আতাজুল পঙ্গু অবস্থায় শয্যাশায়ী। এ ঘটনায় কটিয়াদী থানায় আরেকটি মামলা হয়।
এরপর থেকেই প্রতিপক্ষের লোকজন এই পরিবারের সদস্যদের খুন জখমসহ গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
নারীরা আরও বলেন, মহিউদ্দিন এক সময় বিদেশ থাকতেন। বর্তমানে তার দুই ছেলে সৌদি আরব থাকেন। আতাজুলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বাইরে থাকা এবং মামলা-হামলার ভয়ে বাড়িতে অবস্থান না করায় বাড়িগুলো পুরুষশূন্য ছিল।
এ অবস্থায় সর্বশেষ গত ২৩ ও ২৬ জুলাই দুদিন মহিউদ্দিন ও তার ভাইদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় মহিউদ্দিনের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রফিকুল বারীর আদালতে দ্রুত বিচার আইনে আজিজুর রহমান বাদল, শওকত আলী, রুবেল মিয়া, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, সুজন, আজিজুল হক জন্টু ও রিপনসহ ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় ১৪টি গরু, ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, খাট, ওয়ারড্রোব, ফ্যান, দুইটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়।
তারা পুকুরের মাছও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয় মামলায়।
বিচারক রফিকুল বারী কটিয়াদী থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম জুয়েল জানান, পুলিশের তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেনকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে নানাভাবে চেষ্টা করেও আসামিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
