১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: ফেরি, লঞ্চ, স্পিডবোট নিয়ে প্রস্তুত পাটুরিয়া-আরিচা ঘাট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৫টি লঞ্চ যাত্রী পারাপারে প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ।

ঈদযাত্রা: ফেরি, লঞ্চ, স্পিডবোট নিয়ে প্রস্তুত পাটুরিয়া-আরিচা ঘাট

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে লঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 03:49 PM

Updated : 26 Jun 2023, 04:35 PM

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের ব্যস্ততম নৌপথ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। যদিও পদ্মা সেতু চালুর পর থেকে গত এক বছরে এ নৌ পথে যানবাহন কমে অর্ধেকে নেমে গেছে। তবুও পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ রুটে ঈদে থাকে যাত্রীদের বাড়তি চাপ। 

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথে আগের মতই প্রতিদিন গড়ে সাড়ে ৪০০ থেকে ৫০০ গাড়ি পারাপার হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদের সময় যানবাহন পারাপারের হার বাড়লেও পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হবে না।

Image

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে যানবাহন উঠছে।

আগে ছয় থেকে সাত হাজার যানবাহন পারাপার হত। এখন অর্ধেকেরও কম যানবাহন পারাপার হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি বড় ফেরি, ছয়টি ইউটিলিটি ফেরি ও তিনটি ছোট ফেরি রয়েছে বলে তিনি জানান।  

বিআইডব্লিউটিসিরি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, “আরিচা-কাজিরহাট নৌপথে পাঁচটি ফেরি চলাচল করছে। স্বাভাবিক সময়ে গড়ে সাড়ে ৪০০ থেকে ৫০০ মত যানবাহন পারাপার করা হয়। তবে ঈদের সময় দেড় থেকে দুইশ ছোট গাড়ির চাপ বেড়ে যায়।”

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুলিশের গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে কোরবানির পশুবাহী গাড়িতে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।”

Image

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে ফেরিতে করে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপ-পরিচালক এস এম সাজ্জাদুর রহমান বলেন, “আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের জন্য অস্থায়ী টয়লেট নির্মাণ, মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন, সুপেয় পানি সরবরাহ করাসহ নানা প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৫টি লঞ্চসহ মোট ৩৩টি লঞ্চ যাত্রী পারাপারে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌপথে ৪৪টি স্পিডবোটও যাত্রী পারাপার করবে।”

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”