১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাভার চামড়া শিল্পনগরীতে চামড়া ঢুকেছে সোয়া ৫ লাখ

শিল্পনগরী পরিদর্শনে এসে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া রপ্তানি নয়, চামড়াজাত পণ্য রপ্তানি করতে সরকার কাজ করছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 12:48 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

সাভারের চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়াবাহী ১ হাজার ৬৮৩টি ট্রাক প্রবেশ করেছে।

ঈদের দিন বিকাল থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এসব ট্রাক ট্যানারিতে আসার তথ্য দেন বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান।

তিনি বলেন, সার্বক্ষণিক সবকিছু দেখভাল করা হচ্ছে, নিরাপত্তা বাড়ানোসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, যত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে এসেছে সেগুলোর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ৬ হাজার ৭০৪টি এবং ছাগল ও ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি।

এর আগে দুপুরে শিল্পনগীরর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শনে আসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি হস্তান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে পুরো স্থানান্তর প্রক্রিয়ায় বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে, যার কারণে শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। স্থানান্তরিত হওয়ার সময় অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান মাঝ পথে হারিয়ে গেছে।

হারিয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোসহ নতুন বিনিয়োগকারীদের আনবার চেষ্টা চালাচ্ছে সরকার বলে তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আগামী অল্পকিছু দিনের মধ্যে ইতালিয়ান একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সিইটিপিকে উন্নত করতে একটি প্রতিবেদন পাওয়া যাবে। এরপর সিইটিপির বিষয়ে পরবর্তী কাজ করা হবে।

মন্ত্রী বলেন, চামড়া রপ্তানি নয়, চামড়াজাত পণ্য রপ্তানি করতে সরকার কাজ করছে।

পরে তিনি ট্যানারির বিভিন্ন কারখানা পরিদর্শন করেন ও মালিকদের সঙ্গে আলোচনা করেন।