২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ‘জমির বিরোধে হামলায়’ স্বেচ্ছাসেবক দলনেতা নিহত

আবুল কাশেম কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন জানান। 

নিহত আবুল কাশেম মোতাইত উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা চালায় কাশেম আলী খাঁর লোকজন। 

এতে তিনি গুরুতর আহত হন। তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, “আবুল কাশেম আমাদের নেতা ছিলেন। তিনি ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবি জানাই।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, “প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার পর কাশেম আলী খাঁর সমর্থকরা এলাকা ত্যাগ করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।