Published : 04 Jun 2026, 05:27 PM
ভোলা শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়া এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন।
নিহত মিতু আক্তার (২৫) দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের মেয়ে।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে উপজেলার চরপাতা ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা শামসুদ্দিন মিয়ার ছেলে সোহাগের সঙ্গে মিতুর বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
মিতুর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশও হয়েছে। মিতুকে বিভিন্ন সময় নির্যাতন করা হত বলে দাবি স্বজনদের।
স্বজনদের ভাষ্য, সকালে সোহাগ ফোন করে মিতুর মাকে বলেন, মিতু অসুস্থ। খবর পেয়ে পরিবারের সদস্যরা শহরের উকিলপাড়া এলাকার ওই বাসায় গিয়ে বিছানা মিতুর লাশ দেখতে পান।
এ ঘটনার পর থেকে মিতুর স্বামী সোহাগ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে দাবি নিহতের স্বজনদের।
পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।