Published : 15 Sep 2026, 05:16 PM
ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে অভিযান চলে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনার পাশাপাশি হাসপাতালের সামনে থাকা অস্থায়ী দোকানপাটও ভেঙে ফেলা হয় বলে জানান ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং হাসপাতালের সামনে দোকানপাট বসানোর কারণে রোগী, স্বজন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। জেলা প্রশাসন সড়ক বিভাগের অবৈধ দখল উচ্ছেদে সহায়তা করছে।”
শফিকুল বলেন, “এ অভিযান চলমান থাকবে।”
জেলা প্রশাসন বলছে, অবৈধ স্থাপনার কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। একই সঙ্গে হাসপাতালের প্রবেশ ও বের হওয়ার পথেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা মোতায়েন ছিলেন। সড়ক বিভাগের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, জেলা প্রশাসন ও সড়ক বিভাগের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে দায়িত্ব পালন করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সড়ক বিভাগের যেসব জায়গা দখল করা হয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গা দখলমুক্ত করা হবে।
উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে কেউ স্থাপনা নির্মাণ বা দখল করতে না পারে, সেজন্য নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।