গোপালগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ফের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
তিনি দুই-তিন মাস জেল খাটেন। পরে আপস মীমাংসায় মামলা থেকে তিনি রক্ষা পান বলে স্কুলের প্রধান শিক্ষক জানান।
গোপালগঞ্জ সদর উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুল শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া এ ঘটনা তদন্তে রোববার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার জানান।
তিনি বলেন, কমিটিকে ২০ অগাস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ মিরাজ হোসেন।
তার বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ওঠেছিল। তখন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাও হয়। তিনি দুই-তিন মাস জেল খাটেন। পরে আপস মীমাংসায় মামলা থেকে তিনি রক্ষা পান বলে স্কুলের প্রধান শিক্ষক জানান।
তিনি বলেন, বুধবার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর জন্মদিন ছিল। ছুটির পর বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জন্মদিনের অনুষ্ঠান করে ওই শিক্ষকসহ শিক্ষার্থীরা। জন্মদিনের অনুষ্ঠান শেষে ওই শিক্ষার্থী ভুল করে সেখানে একটি ডায়েরি রেখে চলে যায়। পরে সে আবার ডায়েরি নিতে আসে।
তখন শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেন ছাত্রীকে একা পেয়ে তার সঙ্গে অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণ করেন। এরপর ওই শিক্ষার্থী কাঁদতে কাঁদতে পরিত্যক্ত ভবনের ওই রুম থেকে বেরিয়ে আসে। সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের বিষয়টি সে জানায়।
পরের দিন বৃহস্পতিবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে প্রধান শিক্ষক ৫০ জন শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করে বিষয়টির সত্যতা পান।
প্রধান শিক্ষক আরও বলেন, রোববার স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষকের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি করে। এ সময় তারা শিক্ষকের পদত্যাগ দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে।
খবর পেয়ে স্কুল পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবকসহ অন্যদের ডেকে পাঠান। তিনি সবার বক্তব্য শোনেন এবং ঘটনার সত্যতা পেয়ে শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
শিক্ষকের সাময়িক বহিষ্কারের খবর স্কুলে পৌঁছালে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
স্কুল পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি সেলিম তালুকদার বলেন, তদন্ত কমিটির প্রধান হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুণচন্দ্র মণ্ডল। দুজন হলেন- স্কুল পরিচালনা কমিটির একজন সদস্য এবং স্কুলে একজন সহকারী শিক্ষিকা।
