২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল কেনার বায়না মেটাতে পারেননি মা, ছেলের ‘আত্মহত্যা’

“এই ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এতো টাকা কই পাবো?”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 12:42 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।  

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া সদর ইউনিয়নের গুয়াবাড়ী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইয়ামিন (১৫) ওই গ্রামের আব্দুল হাকিম ও সকিনা বেগমের ছেলে।

স্থানীয়রা বলছেন, ইয়ামিন কয়েকদিন ধরে তার মা সকিনা বেগমকে নতুন মোবাইল ফোন (স্মার্টফোন) কিনে দেওয়ার জন্য বলছিল। কিন্তু পেশায় পাথর শ্রমিক সকিনা টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও নতুন ফোনের জন্য বায়না ধরে ইয়ামিন।  

সন্ধ্যায় ইয়ামিনের ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ইয়ামিনের মা সকিনা বেগম বলেন, “ছেলে আমার কাছে টাচফোন (স্মার্টফোন) কিনে দিতে বায়না করেছিল। কিন্তু এই ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এতো টাকা কই পাবো? আসি পাথরের কাজ করি। ঠিকমত খেতে পারি না।

“ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দেই, দেখি দরজা বন্ধ। পরে জানালা দিয়ে দেখি ইয়ামিন রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।”

তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, “এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।