২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা নদীতে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চৌহালী উপজেলার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন।

নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩০) ওই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। 

পুলিশ জানায়, ৫ অগাস্টে সরকার পরিবর্তের পর থেকে যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে কয়েকটি ড্রেজার বসিয়ে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিল। হাফিজও তাদের সঙ্গে জড়িত ছিলেন।

রোববার রাতে একটি ড্রেজারের ব্লাডহেডের ইঞ্জিনের অংশে চার সহযোগীর সঙ্গে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ পুলিশ ঘটনাস্থলে যান। 

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। রাতে তারা পাঁচজন এক সঙ্গে ড্রেজারের ব্লাডহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। সহযোগীরা বলছেন, হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছেন।

“মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”