রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরক মামলায় অনিন্দ্যসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
২০১৬ সালে অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে আটক মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার বেলা ৩টায় রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রশিদ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের পরিদর্শক মাহামুদল হাসান।
এর আগে দুপুরে পুলিশ তিনজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে বলে জানান তিনি।
শনিবার রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন।
মাহামুদল হাসান বলেন, দুপুর সোয়া ২টার মিনিটে বোয়ালিয়া মডেল থানা পুলিশের প্রিজন ভ্যানে করে তিনজনকে আদালতে নেওয়া হয়। এরপর তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন।
গ্রেপ্তার ৩৩ বছর বয়সি অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অনিন্দ্য নগরের কাদিরগঞ্জ এলাকায় নিজ বাড়ির পাশে ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন- মো. রবিন (২৮) ও মো. ফয়সাল (৩০)।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, নতুন মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও অন্য কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।
শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশি অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, পাঁচটি ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ।
২০১৬ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হন তিনি।
আরও পড়ুন:
