২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৪: ভোট পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি বিএনপি প্রার্থীর

“অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। যদি ন্যায় বিচার না পাই, আমি আদালতে মামলা করব।”

সিরাজগঞ্জ-৪: ভোট পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি বিএনপি প্রার্থীর
বিএনপি প্রার্থী এম আকবর আলী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

উল্লাপাড়া উপজেলার নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোট পুনর্গণনা ও ঘোষিত ফল স্থগিতের আবেদন করেছেন বিএনপি প্রার্থী এম আকবর আলী।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

আকবর আলী বলেন, ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক সাত শতাধিক ভোটে এগিয়ে ছিল। এরপর উপজেলা কার্যালয়ে থেকে ফলাফল জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

সেখানে ধানের শীষের প্রার্থীর পক্ষে কোনো উপস্থিতি ছাড়াই পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারিভাবে দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয় বলে দাবি করেন তিনি।

বিএনপি প্রার্থী বলেন, “ভোট গণনার সময় অস্বাভাবিক পরিমান ভোট বাতিল করা হয়েছে; যা সন্দেহজনক। এ ছাড়া নির্বাচন চলাকালীন বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। 

“অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলে কমিশনে যাব। সেখানেও যদি ন্যায় বিচার না পাই, আমি আদালতে মামলা করব।” 

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-৪ আসনে ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খানকে এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এম আকবর আলী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। 

তবে এ আসনটি ছাড়া জেলার বাকি পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।