২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পেট্রোল পাম্পের অফিস থেকে কর্মকর্তার গলা কাটা লাশ উদ্ধার

“ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বগুড়া শহরের একটি পেট্রোল পাম্প থেকে এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দত্তবাড়ি এলাকায় ‘শতাব্দী ফিলিং স্টেশনের’ অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধারের খবর জানান বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।

মৃত ২৫ বছর বয়সী ইকবাল হোসেনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে। তিনি ওই ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ছিলেন।

তার মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি হাসান বাসির বলেন, “পেট্রোল পাম্পের শনিবার রাতের শিফটের দায়িত্বে ছিলেন ইকবাল হোসেন ও বিক্রয় সহকারী রতন। সকালে আরেক কর্মী কাজে গিয়ে অফিস কক্ষের মেঝেতে ইকবালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।”

ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধারের খবরও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।  

তিনি বলেন, “ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডির ক্রাইম সিনের দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।”

হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ‘ব্যক্তিগত শত্রুতা’ কিংবা ‘অর্থ লুটের’ বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি হাসান বাসির বলেন, “যে কর্মচারী নিখোঁজ রয়েছেন তাকে খুঁজে পাওয়া গেলে ক্লু মিলবে।”