Published : 29 Mar 2026, 04:44 PM
বগুড়ার গাবতলী উপজেলায় বৃদ্ধর লাশ একটি সেচ পাম্পঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানিয়েছেন।
মৃত ৬৫ বছর বয়সী লতিফ আকন্দ নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছে, লতিফ নিয়মিত ওই সেচ পাম্পঘরে রাতে থাকতেন। শনিবার রাতেও তিনি পাম্প ঘরে থাকার জন্য বাড়ি থেকে বের হন। সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্পঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে লতিফকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে আসেন।
ওসি রাকিব বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্পঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির আলামতও দেখা গেছে।
এ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।