নওগাঁয় বিলে নৌকাডুবে ২ জনের মৃত্যু
“চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।”
নওগাঁর রাণীনগর উপজেলায় দুটি নৌকার সংঘর্ষের পর ডুবে গিয়ে এক শিশু ও এক কিশোরের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রক্তদহ বিলে এ দুর্ঘটনা ঘটে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না খাতুন (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চণ্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত হোসেন (১৭)।
আহতরা হলেন- রাণীনগর উত্তর রাজাপুর গ্রামের মিদু হোসেন (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী বেগম (৩৫)। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ওহাদুল ইসিলাম মিলন বলেন, “রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিমউদ্দিন মণ্ডলের বাড়িতে বিভিন্ন স্থান থেকে তাদের আত্মীয়-স্বজনরা বেড়াতে আসেন। সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। বিলে তাদের নৌকা দুটিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পড়ে যান।
“এ সময় কয়েকজন সাঁতরে তীরে এসে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন।”
নৌকার বাকি নয় যাত্রী সুস্থ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, “নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিক দুইজন হাসপাতালে ভর্তি আছেন।”
