২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের ২ আরোহীর

বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে ধুমড়ে-মুচড়ে দেয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 12:23 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান।    

নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ী গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা ইজিবাইকের যাত্রী সোহেল মিয়া (২৮)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ওয়াজেদ আলী বলেন, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ওই এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। 

“পরে বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে ধুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় ইজিবাইকের চালক হারুন ও যাত্রী সোহেলের মৃত্যু হয়।”

ওসি বলেন, “বাসটি জব্দ রয়েছে। শুনেছি বাস চালক আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।”

এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।