হামের প্রাদুর্ভাবের মধ্যে রাজশাহী মেডিকেলে বাড়ল শিশুদের আইসিইউ
এতে করে শিশুদের জন্য আইসিইউতে মোট বিছানা সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর বাড়তি চাপ সামলাতে বিছানার সংখ্যা বৃদ্ধি এবং বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “শিশুদের আইসিইউর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি বেড যুক্ত করা হয়েছে। এতে করে শিশুদের জন্য আইসিইউতে মোট বিছানা সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বিছানা হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ছয়টি অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।”
মুখপাত্র বলেন, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বিছানা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা রাজশাহী মেডিকেলের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।
শংকর বিশ্বাস বলেন, বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। একই সময় হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে।
দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু। তাদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি রয়েছে। এ ছাড়া আইসিইউ সেবার জন্য অপেক্ষায় রয়েছে আরও ৫৬ জন শিশু।
