২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কুপিয়ে মুক্তিযোদ্ধা ও নারীকে হত্যা, আহত ৪

ওসি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, সাইদুল কয়েকদিন ধরে মানসিক রোগীর মত আচরণ করছিলেন।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও চারজন।  

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান। 

নিহতরা হলেন- ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২) এবং মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্বা গাজী আশারাফ আলি আশু (৭০)। 

আহতরা হলেন- একই গ্রামের আব্দুস সামাদ (৩০), সাকিম (৩৫), বীর মুক্তিযোদ্বা আলী শিকদার (৭৫,) ও জেবুননাহার (৫০)। তাদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার পর পুলিশ ওই গ্রামের সাইদুল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাফেজা আক্তার বিকালের দিকে সাইদুলের বাড়ির পাশে ঘাস কাটতে যার। এ সময় হাফেজা আক্তারের হাতের কাঁচি কেড়ে নিয়ে তাকে ঘটনাস্থলেই গলা ও বুকে আঘাত করে হত্যা করা হয়। 

এর কিছুক্ষণ পর সাইদুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ সময় সাইদুল একই এলাকার আরও চারজনকে কোপান। 

ওসি হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, সাইদুল কয়েকদিন ধরে মানসিক রোগীর মত আচরণ করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”