Published : 21 Jun 2026, 07:29 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকের চাপায় বরিশালের উজিরপুর উপজেলার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাতে খবরটি জানিয়েছেন স্বজন হেমায়েত হাওলাদার।
নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে।
ব্যবসায়ীর স্ত্রীর বরাতে হেমায়েত হাওলাদার বলেন, কবির হোসেন ১৫ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন। শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হেমায়েত হাওলাদার বলেন, জীবদ্দশায় কবির হোসেন স্ত্রীকে জানিয়েছিলেন, তার মৃত্যু হলে যেন লাশ বাংলাদেশে এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।