২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ডেঙ্গুতে প্রাণ হারানো ছেলের শোকে মায়েরও মৃত্যু

ছেলের মৃত্যুর শোকে মা রেহেলা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানান স্বজনরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর শোকে প্রাণ হারালেন বৃদ্ধা মাও।

রোববার সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান।

মৃতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) এবং তার রেহেলা বেগম (৬৯)।

স্বজনরা জানান, আব্দুল আওয়াল কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি। 

সকালে আওয়ালের লাশ গ্রামের বাড়িতে নিলে, ছেলের মৃত্যুর শোকে মা রেহেলা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “ছোট ভাইয়ের মৃতদেহ বাড়ির আঙিনায় আসলে মা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আর মায়ের চেতনা ফেরেনি।”

মৃত্যুকালে আওয়াল এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তিনি স্থানীয় বাজারে ওষুধের দোকান করতেন। চার ভাইয়ের মধ্যে আওয়াল ছিলেন সবার ছোট।