২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

পূজা দিতে গিয়ে প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখেন, বলছিলেন বড়ির মালিক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

গোপালগঞ্জে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাচুরের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক সুশান্ত দাস বলেন, রাত ৮টার দিকে লন্ড্রির দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরেন তিনি। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর এবং পূজার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।” 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।”