২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভবনের ছাদের রেলিং ধসে পড়ল টিনের চালে, শিশু নিহত

পশ্চিম দেওভোগে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 09:30 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

নারায়ণগঞ্জ নগরীতে তিনতলা ভবনের ছাদের রেলিং ধসে পাশের একটি টিন শেড ঘরে পড়ে সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা।

বুধবার সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।

নিহত সাত মাসের ছেলে শিশুটির নাম আরিয়ান। তার বাবার নাম মো. জসিম।

পেশায় রেস্তোরাঁ কর্মী জসিম স্ত্রী খাদিজা ও একমাত্র সন্তান আরিয়ানকে নিয়ে দেওভোগের ওই টিনশেডের বাসাটিতে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

পুলিশ জানায়, রেলিং ধসে পড়া ভবনটির মালিক লন্ডন প্রবাসী সরকার কামাল। তার অবর্তমানে বড়ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির তা দেখাশোনা করেন। 

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারটি যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিক সরকার আলম। তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওসি সাজেদুর বলেন, “তিনতলা ভবনের ছাদের রেলিংটি বৃষ্টির পানির কারণেই হয়ত নরম হয়ে গিয়েছিল। সকালের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে সেটি ধসে পড়ে পাশের টিনশেড বাড়িতে। তখন ওই ঘরটিতে ঘুমন্ত ছিল মা ও শিশু।”

আহতদের শুরুতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সাজেদুর রহমান।

একাধিক প্রতিবেশীর দাবি, ভবনটির ছাদের রেলিং আগে থেকেই নড়বড়ে ছিল। এক পাশের রেলিং আগেও ভেঙে পড়েছিল। তখনো প্রতিবেশীরা সতর্ক করলেও বাড়ির তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা বিষয়টি পাত্তা দেননি।

ছাদের রেলিংটি নড়বড়ে অবস্থায় থাকার বিষয়টি স্বীকার করেন বাড়ির মালিকের বড়ভাই বিএনপি নেতা সরকার হুমায়ূন কবিরও। তিনি বলেন, “আমি দেয়ালটি নড়বড়ে আছে সেইটা ছোট ভাইকে জানাইছিলাম। আমি রেলিংটা ভাইঙাও ফেলতে বলছিলাম। কিন্তু ও (ছোট ভাই) আর তা করায়নি। আজকের সকালের ঝড়ে এইটা ভাইঙা পড়ছে।”

এটিকে ‘দুর্ঘটনা’ দাবি করে বিএনপি নেতা বলেন, তার ছোট ভাইকে ঘটনার কথা জানালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, “মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে আছে। সেখানে কাজ করছে শাহবাগ থানা পুলিশ। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ করলে সে বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”