পেট্রাপোলে আসছেন না অমিত শাহ, বেনাপোলে আমদানি-রপ্তানি চলবে
“ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল।”
বেনাপোলের বিপরীতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরে ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধনের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে বলে ওপারের বন্দর ব্যবহারকারীরা আমাকে জানিয়েছেন।
“ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। যেহেতু কর্মসূচি স্থগিত করা হয়েছে তাই মঙ্গলবার সকাল থেকে দুই বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।”
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “বিরূপ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন অনুষ্ঠানে আসছেন না। তাই মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চলবে। তার সফরের নিরাপত্তার জন্য তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা ছিল।”
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, সোমবার রাতে ভারতের পোর্ট ম্যানেজার কমলেশ শাহনি আমাকে জানিয়েছেন, তাদের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে মঙ্গলবার আমদানি-রপ্তানি চালু থাকবে।”
সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিন বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়ে জানিয়েছিলেন কমলেশ শাহনি।
