১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

চালককে বাঁচাতে গিয়ে গ্যারেজ মালিকও বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 11:52 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

গাজীপুর মহানগরীতে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউসে’ এ দুর্ঘটনা ঘটে বলে পুবাইল থানার ওসি আতিকুর রহমান জানান। 

নিহতরা হলেন- ইজিবাইক গ্যারেজের মালিক সুজন মিয়া (৩৩) এবং চালক মোহাম্মদ সোহাগ (২৭)। 

সুজন ময়মনসিংহের গফরগাঁওয়ের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং সোহাগ টঙ্গীর সিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে।

পুবাইল থানার এসআই মেহেদী হাসান বলেন, গ্যারেজে ইজিবাইক চার্জে লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সোহাগ। তাকে বাঁচাতে গ্যারেজ মালিক সুজন এগিয়ে যান এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার ওসি আতিকুর রহমান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।