মুন্সীগঞ্জে মেডিকেল কলেজের কাজ শুরু হতে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
“হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি। ”
দুই-এক মাসের মধ্যে মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “আমাদের এখানে মোটামুটি একটা ডিসিশন হয়েছে; খুব তাড়াতাড়ি একটা মেডিকেল কলেজ যাতে করা যায়। হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি।”
সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “মুন্সীগঞ্জের ভাঙা রাস্তা মেরামত, কুন্ডের বাজার ব্রিজ ও দিঘিরপাড় সেতু, পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জ পৌরভবন এবং শিল্পকলা একাডেমি উন্নয়ন, কাটাখালী খাল সংস্কারসহ জেলার প্রয়োজনীয় জরুরি উন্নয়ন করা হবে।”
এ সভায় মুন্সিগঞ্জের প্রত্নতাত্ত্বিকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য ‘প্রত্নকথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
