চাঁদপুরে দিনমজুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
তিন মাস আগে এক প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে দিনমজুর আলমগীরকে গলা কেটে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দিনমজুর আলমগীর হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার।
গ্রেপ্তার তাজুল ইসলাম তপন উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। আলমগীর হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত মার্চে উপজেলার মনিপুর এলাকায় প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীরকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় আলমগীরের সঙ্গে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওসি আবুল বাসার বলেন, আলমগীর হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যান তপন। গোপন খবর পেয়ে ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রির সময় তাকে আটক করা হয়। রাতেই তাকে শাহরাস্তি থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে মামলার অন্যতম আসামি সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোনিয়া বলেন, ‘আলমগীরের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে অসন্তুষ্ট হয়ে মামা শ্বশুর তপনের সহযোগিতায় তাকে হত্যা করা হয়।’
ওসি আবুল বাসার বলেন, তপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে তার ভূমিকা ও কারা কারা জড়িত ছিল, তা বের করতে রিমান্ডের আবেদন করা হবে।
