বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
রাশেদ বলেন, তিনি পদত্যাগের বিষয়টি এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির শীর্ষ তিন নেতাকে জানিয়ে দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার গভীর রাতে নিজের ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ এ সময় এনসিপি, এর ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার কথা জানান।
তিনি লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি; এবং একই সাথে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠার আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ছিলেন। আন্দোলনের শুরু থেকে তিনি যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তার সংযত আচরণ ও ধীর-স্থির সিদ্ধান্ত সব মহলের প্রশংসা কুড়ায়।
শিল্পী রাশেদ ফ্যাসিবাদবিরোধী অসংখ্য পোস্টার-ফেস্টুন নিজ হাতে তৈরি করেন। ৫ অগাস্ট-পরবর্তী সময়ে তার তত্ত্বাবধানে যশোর শহরের দেয়ালগুলোতে প্রচুর গ্রাফিতি আঁকা হয়।
রাশেদ মঙ্গলবার বিকালে বলেন, তিনি পদত্যাগের বিষয়টি এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির শীর্ষ তিন নেতাকে জানিয়ে দিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের কেউ কথা বলতে রাজি হননি।
