২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলার ৫ আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 12:54 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

বাগেরহাটের রামপাল থেকে হত্যা মামলার পাঁচ আসামিকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় জেলার রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

২০২৪ সালের ২৫ জুন খুলনার আড়ংঘাটার আরিফ নামে এক ব্যক্তি খুন হন। 

গ্রেপ্তাররা আড়ংঘাটা থানায় হওয়া হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে নিজ কার্যালয়ে এসপি মো. তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিং করেন।  

বাগেরহাটের অতিরিক্ত এসপি মো. আসাদুজ্জামান, মো. রাসেলুর রহমান সেখানে ছিলেন।

গ্রেপ্তাররা হলেন, খুলনা মহানগরের দৌলতপুরের মহেরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬), একই এলাকার রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩) কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), মো. ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০) এবং আলমগীর হোসেনের ছেলে মো. ইমন হাওলাদার (২১)।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি লোহার তৈরি ওয়ান শুটারগান, ছয়টি গুলি। এছাড়াও তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও পাঁচ মোবাইল ফোন জব্দ করা হয়। 

এসপি তৌহিদুল আরিফ বলেন, গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় ফয়লাহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, দেড় মাস আগে থেকে রামপালের ভাগা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছেন। 

তাদের নিয়ে ওই বাসায় তল্লাশি চালিয়ে দুটি লোহার তৈরি ওয়ান শুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ বলছে, আড়ংঘাটায় আরিফ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তাররা। 

অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।