২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিল বিএসএফ

সকালে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 01:16 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয় বলে জানান দিনাজপুর-৪২ বিজিবির চান্দেরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির উদ্দিন।

এর আগে সকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ফেরত আসারা হলেন- নিরলা (৪৪) ও তার ছেলে আকাশ রায় (২২)। তারা রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টার দিকে মা ও ছেলেকে থানায় সোপর্দ করেছে বিজিবি। সেইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মনির উদ্দিন মা ও ছেলের নামে থানায় মামলা করেছেন। 

রোববার তাদের ঠাকুরগাঁও আদালতে তোলা হবে বলে জানান তিনি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির উদ্দিন বলেন, সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২ এস পিলার এলাকা দিয়ে নিরলা ও আকাশ অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। বিষয়টি জানার পর তাদেরকে ফেরত চাওয়া হয়।

তিনি বলেন, বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর আটক মা ও ছেলেকে হস্তান্তর করে বিএসএফ।

বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনির উদ্দিন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।