২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে দেরি কেন, ব্যাখ্যা দিক সরকার: শফিকুর রহমান

“এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 05:26 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, সেটি সরকারেরই ব্যাখ্যা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

শুক্রবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, “বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? 

“সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো?। এটা সরকার ভাল বলতে পারবে।”

সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, “এ প্রশ্নটি সরকারের কোনো মন্ত্রীকে করুন। আপনার মতো আমাদেরও দাবি, সরকার নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুক।”

তিনি বলেন, “তার বিরুদ্ধে যে রায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলো তাকে ফেইস (মুখোমুখি) করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সব সময় বলে থাকি, বিচার হবে নায্যতার ভিত্তিতে অনায্য কোন বিচার চাই না।” 

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, “কালোকে কালো, সাদাকে সাদা বলবেন। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভ যদি কার্যকরভাবে কাজ করে, তাহলে রাষ্ট্রযন্ত্রের সব প্রতিষ্ঠানও কার্যকর থাকবে। কিন্তু এই জায়গাটি দুর্বল হলে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না।

“সরকার ভুল করে না শুদ্ধ করে তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুন্ন থাকবে, বলিষ্ট হবে দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।”

শফিকুর রহমান বলেন, “জনগণ পাঁচ বছর সরকারের কার্যক্রম বিবেচনায় নেবে। বিরোধী দলেরও পাঁচ বছরের ভূমিকা বিবেচনায় নেবে। বর্তমান সরকার কেমন করছে, তারা ব্যর্থ না স্বার্থক তা জনগণ এখনই বলছে; আমরা বলব না।”

“এই অল্প সময়ের মধ্যে জনগন অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।”

বাগেরহাট জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম, জামায়াত ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ও  বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।