Published : 24 Aug 2023, 11:53 PM
কুষ্টিয়ায় রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে এক গৃহবধূ ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয় বলে জানান চিকিৎসক তাপস কুমার সরকার।
নিহতরা হচ্ছে- কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) এবং তাদের সাত মাস বয়সি শিশুকন্যা নুসরাত।
নিহতদের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নিজ ঘরে ঘুমের মধ্যে আয়েশা খাতুন ও তার শিশুকন্যাকে সাপে কামড় দেয়। প্রথমে বুঝতে না পারলেও যন্ত্রণায় শিশুটির ছটফটানি দেখে সাপের কামড়ের বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।
“প্রতিবেশীরা আমার ঘরের খাটের নিচে কালাচ সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মারে,” বলেন আয়েশার স্বামী ইব্রাহিম।
তিনি জানান, রাতেই তার স্ত্রী ও কন্যাকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকের পরামর্শে বাইরের ফার্মেসি থেকে কিনেও আনা হয়েছিল।
চিকিৎসক তাপস কুমার জানান, মা-মেয়েকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। কিন্তু সাপে কাটার ওষুধ অ্যান্টিভেনম হাসপাতালে ছিল না। বাইরে থেকে আনিয়ে চিকিৎসা শুরুর আগেই রোগীরা মারা যায়।
তিনি বলেন, “আরও আগে হাসপাতালে নিয়ে আসতে পারলে হয়তো তারা বেঁচে যেত।”
হাসপাতালের অ্যান্টিভেনম না থাকার বিষয়ে তাপস কুমার বলেন, “এ ইনজেকশন বেশ কিছুদিন আগেই ফুরিয়ে গেছে। আমরা একাধিকবার চাহিদাপত্র দিলেও সরবরাহ এখনও পাইনি।”
এদিকে, সম্প্রতি জেলায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।