২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যু: সিরাজগঞ্জে সাবেক এমপির এপিএস গ্রেপ্তার

আন্দোলনে তিন মৃত্যুর ঘটনায় করা পৃথক মামলায় সেলিম সরকার এজাহারভুক্ত আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যু: সিরাজগঞ্জে সাবেক এমপির এপিএস গ্রেপ্তার
সেলিম সরকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এনায়েতপুরে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের এপিএস সেলিম সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের উত্তর মাসদাইর এলাকার ড্রিম কনভেনশন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকার আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ অগাস্ট দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্দোলনকারীরা মিছিল বের করেন। 

প্রতিপক্ষের গুলিতে সেই মিছিলে থাকা শিক্ষার্থী শিহাব, সিয়াম ও ব্যবসায়ী ইয়াহিয়া নিহত হন। 

এ ঘটনায় এনায়েতপুর থানায় আলাদা তিনটি হত্যা মামলা হয়েছে। 

গ্রেপ্তার সেলিম সরকার এসব মামলার এজাহারভুক্ত আসামি। 

ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। র‌্যাব-১১, ১২ ও সিপিসি-১ নারায়ণগঞ্জে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।