২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২ কারখানাকে জরিমানা

ইসলামিয়া লাচ্ছা সেমাইকে এক লাখ টাকা এবং জেমি লাচ্ছা সেমাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 06:12 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহারের দায়ে দুটি লাচ্ছা সেমাই কারখানাকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বগুড়া শহরের আটাপাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে এক লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার কর্মকর্তা মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।

মো. রাসেল বলেন, অভিযানে কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার- এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে কারখানা দুটিকে জরিমানা ও আদায় করা হয়। 

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশ।