২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 03:49 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজন হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি হাবিবুর রহমান। 

নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। 

তারা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার শাহপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও অটোরিকশার চালক আলাল উদ্দিন (৩৫)।

ওসি হাবিবুর রহমান বলেন, দুপুরে পাইসকা বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।